weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন ইশরাক হোসেন

প্রকাশ : ২১-০৫-২০২৫ ২১:৫৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, গণতান্ত্রিক শিষ্টাচার এবং রাজনৈতিক যৌক্তিকতার দৃষ্টিকোণ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উচিত অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগ করা। কারণ, এখন এটি স্পষ্ট যে তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন এবং ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেন। এমনকি নির্বাচনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে তাদের পদত্যাগই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে এবং এতে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।

তিনি আরো বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই অনুসরণ করা উচিত। তিনি চাইলে কিছুদিন মন্ত্রিত্ব চালিয়ে তারপর রাজনীতিতে যুক্ত হতে পারতেন। কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আগেভাগেই পদত্যাগ করেন। অতীতে সারজিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর মতো নেতারা মন্ত্রিত্বের প্রস্তাব পেলেও রাজনীতির প্রতি দায়বদ্ধতার কারণে তা গ্রহণ করেননি।

ইশরাকের মতে, পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরো শক্তিশালী হবে। তিনি লিখেন, ক্ষমতা ধরে রাখলে ন্যায্যতা রক্ষা কঠিন হয়ে পড়ে। তখন দলের লোকজনকে বিশেষ সুবিধা না দেওয়া অসম্ভব হয়ে যায়। তাই যদি জনগণ ও দেশের জন্য সত্যিকারের অবদান রাখতে চান, তাহলে সরাসরি রাজনীতিতে অংশ নিন, সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করুন। এতে ভবিষ্যতে আরো পরিপূর্ণভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

নিজের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গেও পোস্টে উল্লেখ করেন ইশরাক। তিনি লেখেন, অনেকে বলবেন, আমি নিজেও ক্ষমতার লোভে মেয়র হওয়ার জন্য আন্দোলনের নৈতিকতা ব্যবহার করছি। কিন্তু আমি নিজের অবস্থান থেকে যা করেছি, তা ছিল জনগণের সামনে সত্য তুলে ধরার প্রয়াস। আমাকে বাধা দেওয়া হচ্ছে— এটি যৌথ সিদ্ধান্তে হচ্ছে, যা বুঝতে রাজনীতি সচেতন কারো বাকি নেই। কিন্তু ভুল পলিসির কারণে আজ ভুক্তভোগী হচ্ছেন আসিফ ভুঁইয়া। আইনের রায় না মেনে চললে কোথা থেকে সংস্কার শুরু হবে?

তিনি আরো লেখেন, বর্তমানে যেভাবে প্রশাসন পরিচালিত হচ্ছে, তাতে আগের বন্দোবস্তেরই ধারাবাহিকতা চলছে, বরং আরো শক্তিশালীভাবে। এই পরিস্থিতিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবির পেছনে দৃঢ় যৌক্তিকতা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, তারা কেন পদ আঁকড়ে ধরে থাকতে চাইছেন?

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নেওয়ানোর জন্য বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে চলমান আন্দোলনের সংগঠকরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ না করলে ঢাকায় নাগরিক সেবা বন্ধ করে নগর অচল করে দেওয়া হবে। ইতোমধ্যে ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়ন নগরের বর্জ্য অপসারণসহ সব সেবা বন্ধ রাখার হুমকি দিয়েছে।

গত ১৪ মে থেকে ডিএসসিসি নগর ভবন ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘আমরা ঢাকাবাসী’ ও ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মচারীরা। তারা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি জানিয়ে আসছেন। আজ বুধবার এ বিষয়ে আদালতে করা রিটের রায় ঘোষণার কথা রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার