weather ৩৪.৯৭ o সে. আদ্রতা ৫১% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত, আফটারশকের শঙ্কা

প্রকাশ : ০৫-০১-২০২৬ ১০:৪৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস থেকে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ইউএসজিএস-এ প্রথমে ভূমিকম্প দুটির মাত্রা পাঁচ দশমিক চার ও পাঁচ দশমিক দুই দেখানো হলেও পরে সংশোধন করে তা পাঁচ দশমিক দুই ও চার দশমিক নয় করা হয়। 

সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে পলাশ জানান, ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এবং দ্বিতীয়টির মাত্রা ছিল পাঁচ দশমিক চার। তার ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংঘটিত হয়।

তিনি আরো জানান, ভূমিকম্প , দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ বলেন, পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্ট দিয়ে জানান, তারা ভোরে ভূকম্পন অনুভব করেছেন।

কেউ কেউ লিখেছেন, হঠাৎ করে ঘর দুলে উঠল। আবার কেউ বলেন, ঘুম ভেঙে গেল, ভেবেছিলাম কেউ দরজা নাড়া দিচ্ছে। অনেকে আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।

সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার