সৌদি আরবে এ বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর, কী কারণ
প্রকাশ : ১৭-১২-২০২৫ ১১:৪৭
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব চলতি ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এর আগে কখনো দেখা যায়নি।
সৌদি আরবের সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে এএফপি মৃত্যুদণ্ড কার্যকর করার এ হিসাব দিয়েছে।
সাম্প্রতিকতম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত সোমবার। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এক সুদানি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন আহমেদ বিন আবদুল্লাহ আল-শামরানি, বান্দার বিন মুসা আল-ক্বারনি ও মাহদি বিন ইয়াহইয়া আওয়াজি। তাদের সবাইকে মক্কা অঞ্চলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ঘটনায় চলতি বছর সৌদি আরবে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০। এর আগে ২০২৪ সালে এক বছরে সর্বোচ্চ ৩৩৮টি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড হয়েছিল। এবার ওই রেকর্ড ছাপিয়ে গেল।
২০২৫ সালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ২৩২ জনই মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।
সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান ও সাজা কার্যকর করার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া সামগ্রিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছরেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীন ও ইরানের পর সৌদি আরব ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল।
লন্ডনভিত্তিক সংস্থাটি বলেছে, ২০২৪ সালে সৌদি আরব রেকর্ড ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ১৯৯০ সাল থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য অনুসরণ ও নথিবদ্ধ করা শুরু করে।
মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ডের এ বৃদ্ধিকে সৌদি কর্তৃপক্ষের ২০২৩ সালে শুরু করা মাদকবিরোধী ‘যুদ্ধের’ সঙ্গে সংশ্লিষ্ট করেছেন।
সৌদি আরবের এ অভিযান মূলত ‘ক্যাপটাগন’ নিয়ন্ত্রণে আনা এবং ওই অঞ্চলে এর বিস্তার রোধ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব মধ্যপ্রাচ্যে এ মাদকটির অন্যতম বৃহৎ বাজার হিসেবে বিবেচিত।
প্রায় তিন বছর স্থগিত রাখার পর ২০২২ সালের শেষদিক থেকে সৌদি আরব মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া এবং তা কার্যকর করা শুরু করে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com