logo

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

Published:12 Oct 2026, 04:33 PM

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলকরণে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে।

এ বছরের অর্থনীতিতে পুরস্কারজয়ী রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন। এসব মডেলের ভিত্তিতে সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতিসংক্রান্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্থনীতির উত্থান-পতন কমানো সম্ভব।

রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডকে এ বছরের অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয়েছে অর্থনৈতিক মডেলগুলো পুনর্গঠনের মাধ্যমে কীভাবে স্থিতিশীলকরণ নীতিকে নতুন করে কার্যকর করা যায়, তা দেখানোর জন্য।

তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক চলকগুলোর মধ্যকার পরিসংখ্যানভিত্তিক সম্পর্কের ওপর মডেলগুলো প্রতিষ্ঠা না করে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তির ওপর গড়ে তোলার পথ বেছে নেন। এর মধ্যে রয়েছে ব্যক্তিপর্যায়ের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কর্মকাণ্ড কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, সে বিষয়ে উপলব্ধি।

এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতিই ছিল শেষ বিভাগ। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে এ পুরস্কার চালু করে।

আলফ্রেড নোবেল ছিলেন উনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ। তিনি ডিনামাইট আবিষ্কার করেন এবং পাঁচটি নোবেল পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেন। তবে অর্থনীতির পুরস্কারটি মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এটি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিষ্ঠিত একটি পৃথক পুরস্কার। প্রচলিতভাবে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই অনুষ্ঠানে এটি দেওয়া হয়।

এ বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ লাখ ডলার।
একজন ব্যক্তি, একাধিক গবেষক কিংবা কোনো প্রতিষ্ঠান—পুরস্কার বিজয়ী যে ধরনেরই হোন না কেন, নির্ধারিত অর্থমূল্য একই থাকে।
নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রতিবছর ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com