জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত গণমাধ্যমকে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে।
জি এম কাদের বলেন, সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।
হামলাকারী কারা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ভেতরে ছিলাম, তারা কারা আমি বুঝতে পারিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায়। তারা নানা স্লোগান দেয়। পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢুকেনি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই, কিন্তু কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।
বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলে জানান তিনি।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়। হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে।
পিপলসনিউজ/আরইউ