weather ৩২.২৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে ফুসফুসের একটি অংশ অপসারণ

প্রকাশ :

ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে ফুসফুসের একটি অংশ অপসারণ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) অস্ত্রোপচার করে ৭১ বছর বয়সী এই ধর্মগুরুর ডান ফুসফুসের একটি অংশ ফেলে দেওয়া হয়েছে।  

ভ্যাটিকানের প্রকাশ করা স্বাস্থ্যবিষয়ক একটি বুলেটিনে জানানো হয়, পোপ ‘লাং এডেনোকার্সিনোমা’–তে (ফুসফুসের একধরনের ক্যানসার) ভুগছেন। অস্ত্রোপচারের সময় তার শরীর থেকে নেওয়া টিস্যু পরীক্ষা করে চিকিৎসকেরা এই ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাতেও এমনটিই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা।

সম্প্রতি এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক টিউমার বা মাংসপিণ্ড ধরা পড়ে। সেটি অপসারণের উদ্দেশ্যেই মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পোপের প্রধান সার্জন অধ্যাপক স্টেফানো মার্গারিতোরা ও তার ব্যক্তিগত চিকিৎসক লুইজি কার্বোনে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফল হয়েছে। প্রায় ৯০ মিনিট স্থায়ী এ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি।

চিকিৎসকেরা জানান, রোগটি যেন পুরোপুরি নিরাময় করা যায়, সে লক্ষ্যে ভিডিও-সহায়ক প্রযুক্তির মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত টিস্যু পুরোপুরি ধ্বংস করাই ছিল এ অস্ত্রোপচারের মূল উদ্দেশ্য। মানুষের ফুসফুসে সাধারণত পাঁচটি অংশ থাকে, যার মধ্যে ডান দিকে তিনটি এবং বাঁ দিকে দুটি অংশ রয়েছে।

এদিকে পোপ লিওর শারীরিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়নের জন্য টিউমারের আকার এবং ক্যানসার ‘লিম্ফ নোড’ বা লসিকা গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এক চিকিৎসাবিজ্ঞানী। 

ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির ফুসফুস ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান স্টিফেন লিউ বলেন, আমরা রোগটি শনাক্ত করতে পারলেও ক্যানসারটি ঠিক কোন পর্যায়ে আছে, তা এখনো জানতে পারিনি। রোগীর পরবর্তী অবস্থা ও চিকিৎসার ধরন নির্ধারণের জন্য এ তথ্য অত্যন্ত জরুরি।

বার্তা সংস্থা রয়টার্সকে স্টিফেন লিউ আরও বলেন, যদি এটি লিম্ফ নোডে না ছড়িয়ে থাকা ছোট আকারের ফুসফুসের ক্যানসার হয়, তবে শুধু অস্ত্রোপচারের মাধ্যমেই এটি পুরোপুরি নিরাময় সম্ভব। কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে যদি ক্যানসার বেশি ছড়িয়ে পড়ার প্রমাণ মেলে, তবে তা রোগীর জন্য আশঙ্কাজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়।

স্বাস্থ্যবিষয়ক বুলেটিন অনুযায়ী, অস্ত্রোপচারের পর পোপের চেতনা স্বাভাবিকভাবেই ফিরে এসেছে। এরপর তাকে হাসপাতালের কক্ষে ফিরিয়ে আনা হয় এবং বর্তমানে তিনি সেখানে বিশ্রামে আছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে ভ্যাটিকান জানিয়েছিল, পোপ লিওকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। এ কারণে ২০ অক্টোবর পর্যন্ত তার সব ধরনের গণজমায়েত ও পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।

অস্ত্রোপচারের উদ্দেশ্যে মঙ্গলবার বেলা একটার কিছু আগে পোপ ভ্যাটিকান ত্যাগ করেন। ভ্যাটিকান থেকে প্রায় নয় কিলোমিটার (পাঁচ দশমিক ছয় মাইল) উত্তরে অবস্থিত জেমেলি হাসপাতালের দিকে যখন তার গাড়িবহর যাচ্ছিল, তখন কালো রঙের একটি গাড়ির পেছন থেকে তাকে হাত নাড়তে দেখা যায়।

হাসপাতালে পৌঁছানোর পর পোপ লিও সেখানকার বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাকে দেখার জন্য অপেক্ষারত জনতার সামনে দিয়ে তিনি হেঁটে যান। সমবেতদের অনেকে ‘শুভকামনা’ বলে চিৎকার করছিলেন। এরপর তিনি হাসপাতালের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।

বিশ্বের কার্ডিনালদের ভোটে ২০২৫ সালের মে মাসে নির্বাচিত হন পোপ লিও। তিনি খেলাধুলা পছন্দ করেন ও নিয়মিত টেনিসও খেলেন। লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিস শেষ বয়সে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন এবং তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত বছরের এপ্রিলে তিনি মারা যান।

পোপ লিওর আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের সফরে যাওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এ সফর নিয়ে শঙ্কা রয়েছে।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরান নিয়ে সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছি : ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছি : ডোনাল্ড ট্রাম্প ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে ফুসফুসের একটি অংশ অপসারণ ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে ফুসফুসের একটি অংশ অপসারণ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড